যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা। এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।