লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি ও বন বিভাগ। তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চার সদস্যসহ লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে হাতীবান্ধার উত্তর আমঝোল এলাকায় সরেজমিনে কাজ করছেন। তাঁরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আজ সকালে প্রথম আলোকে বলেন, বিজিবিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।