রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বহিষ্কার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সারের ডিলার নিয়োগ দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের অলকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলের নেতা-কর্মীরা এসব অভিযোগ করেন।
‘রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মী’–এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব বক্তব্য দেন। এ তাঁরা সংসদ সদস্যের নির্দেশে ‘মিথ্যা’ মামলা রেকর্ড করায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করেন।