সিলেট জেলা প্রশাসনের এলআর ফান্ডের আয়-ব্যয়ের হিসাব, তহবিলে কারা টাকা দেন এবং কোন খাতে তা খরচ হয়, সেটি জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলাম প্রায় চার মাস আগে। জেলা প্রশাসন জানাল, বিষয়টি তথ্য অধিকার আইনের আওতায় পড়ে না।
পরে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা হলে তিনি জানান, এসব তথ্য দিতে আইনগত কোনো বাধা নেই। একই সঙ্গে জেলা প্রশাসককে আবেদনটি বিধি অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। কিন্তু ওই নির্দেশের ৩৮ দিন পর জেলা প্রশাসন জানায়, ‘এলআর ফান্ড’ নামে কোনো তহবিল বা হিসাব তাদের কার্যালয়ে নেই। এর ফলে তথ্য দেওয়া সম্ভব নয়।