রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর এবার গুদামঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ ছাড়া কাজ শেষে বাসায় যাওয়ার পথে প্রতিষ্ঠানটির একজন কর্মীকেও মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয় শুক্রবার রাতে। হুমকিতে বলা হয়, ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ এ নিয়ে প্রতিষ্ঠানটিতে পাঁচ দিনের মধ্যে দুবার হামলা ও একবার আগুন দেওয়ার চেষ্টা করা হলো।