আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়েছে।
এনসিসিসি দুটি। একটি মাধ্যমিকের, আরেকটি প্রাথমিকের জন্য। প্রাথমিকের এনসিসিসিতে চতুর্থ শ্রেণির দুটি বই এবং মাধ্যমিকের এনসিসিসির সভায় ষষ্ঠ শ্রেণির বই দুটির অনুমোদন দেওয়া হয়। তবে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যে পরামর্শ দেওয়া হয়েছে, সে অনুযায়ী আগামীকালের (আজ সোমবার) মধ্যে পরিমার্জন করে বইগুলো চূড়ান্ত করা হবে।