ঢাকার সড়কে অটোরিকশার উল্টো পথে চলা, একটানা হর্ন বাজানো কিংবা অন্য যানবাহন ও পথচারীদের ঝুঁকিতে ফেলার ঘটনা নতুন নয়। এসব দৃশ্য এবার উঠে এসেছে একটি গেমে। নাম ‘বাপের রাস্তা’।
এখানে অটোরিকশাচালকের ভূমিকায় থাকা খেলোয়াড় ইচ্ছেমতো ধাক্কা দিতে পারেন, উল্টো পথে চালাতে পারেন গাড়ি। তবে বিপত্তি বাধে যখন ক্ষুব্ধ মানুষ লাঠিসোঁটা নিয়ে তাড়া করে। ধরা পড়লেই গণধোলাই, শেষ হয় খেলা।
গেমটি তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী ওমর ফারুক রিয়াদ। গেমটির ধারণা এসেছে তাঁর নিজের অভিজ্ঞতা থেকে। তাঁর বাসা মহাখালীতে, অফিস মিরপুরে। প্রতিদিন যাতায়াতের পথে ঢাকার সড়কে অটোরিকশার নানা অনিয়ম দেখতে হয় তাঁকে। সেই অভিজ্ঞতাই গেমটি তৈরির প্রেরণা জুগিয়েছে। গুগল এনালিটিক্সের তথ্য বলছে, গত শুক্র ও গতকাল শনিবার দুই দিনে গেমটি এক লাখের বেশিবার খেলা হয়েছে।