ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)।