পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ রাখা ওয়েবসাইটগুলোর বেশির ভাগই সচল হয়েছে। তবে চালু হলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে আজ রোববার জরুরি সতর্কবার্তা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। সতর্কবার্তায় সংস্থাটি জানায়, তাদের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স (সিটিআই) ইউনিটের নিয়মিত নজরদারিতে সরকারি, জনখাত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়েছে। এসব অ্যাপ্লিকেশনে পিএইচপির পুরোনো, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কিংবা মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহার করা হচ্ছে।