চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে যাত্রীদের ব্যস্ততা। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬-এর যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। তাঁদেরই একজন মো. শরীফ। কিন্তু ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যদের।
এরপর শুরু হয় তল্লাশি। বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে শরীফের হাতব্যাগ ও পরনের পোশাক তল্লাশি করে পাওয়া যায় চুড়ি আকৃতির স্বর্ণালংকার। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৪৮২ গ্রাম সোনা, যা ১২৭ ভরি ৫ রতি ৭ পয়েন্টের সমান।