সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত ঢাকার অধিকাংশ সড়ক। কোথাও কেরোসিনের বাতি, কোথাও দু-একটি গ্যাসের আলো। তা–ও পর্যাপ্ত ছিল না। ঘরবাড়ি আলোকিত করতে মোমবাতি ও কেরোসিনের বাতিই ছিল ভরসা। এমন এক শহরে বিদ্যুতের বাতি জ্বলার ঘটনা ছিল এক বড় পরিবর্তন।
তারিখটা ১৯০১ সালের ৭ ডিসেম্বর। ঢাকার আহসান মঞ্জিলে জড়ো হয়েছেন শহরের গণ্যমান্য ব্যক্তিরা। নবাব আহসানউল্লাহর আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে এসেছেন কলকাতা থেকে রাজস্ব বোর্ডের সচিব সি ডব্লিউ বোল্টনও। বিকেল পাঁচটার দিকে তিনি সুইচ টিপলেন। জ্বলে উঠল বৈদ্যুতিক বাতি। আর এতেই যেন ঢাকাবাসীর সামনে খুলে গেল আলোর এক নতুন অধ্যায়।