কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদের মাঝেই অবস্থান ঈদগড় বাজারের। প্রতি শুক্রবার এখানকার সাপ্তাহিক হাঁটে বিক্রি হয় শাকসবজি, ফলমূল, মাছ, হাঁস-মুরগি, ডিম, ধান-চালসহ নানা পণ্য। ব্যবসায়ীদের হিসাবে, প্রতি শুক্রবার বাজারের ৪০০ দোকানে প্রায় চার কোটি টাকার বেচাকেনা চলে। তবে সম্প্রতি ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে গণডাকাতির ঘটনার পর বাজারটিতে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাজারটি শত বছরের পুরোনো। শুধু রামু নয়, এ বাজার পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার কৃষক-ব্যবসায়ীদেরও প্রধান বাণিজ্যিক কেন্দ্র। মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পাইকারেরা প্রতি শুক্রবার এই বাজারে এসে সবজি ও ধান-চাল কিনে নিয়ে যেতেন। তবে ডাকাত আতঙ্কে তাঁদের অধিকাংশই এখন আর বাজারে আসছেন না। সড়কে পুলিশের টহল বাড়লেও স্থানীয় মানুষের আতঙ্ক কমছে না। এ কারণে উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে হাজারো কৃষক বিপাকে পড়েছেন।