কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে গত ১২ বছরে ৮৫ জনের মৃত্যু হয়েছে। সাগরে ভেসে যাওয়ার সময় জীবিত উদ্ধার করা হয়েছে ১ হাজার ২০০ জনকে। সৈকতে গোসল করতে নেমে পর্যটকেরা প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।
উদ্ধারে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাবি, লাল নিশানা উড়িয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হলেও অনেক পর্যটক তা উপেক্ষা করেন। সাঁতার না জানা পর্যটকেরাও লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামেন; যার কারণে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
সর্বশেষ গত বুধবার বিকেলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। সৈকতে এমন দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। লিফলেট, বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে এসব নির্দেশনার প্রচারণা চালানো হচ্ছে।