দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। গ্রামের মেঠো পথ আর সড়ক ধরে মানুষ চলেছেন একদিকে। কারও মাথায় মাছের ডালা, কারও কাঁধে শাকসবজির বোঝা, কারও হাতে পানের আঁটি। কেউ হাঁস-মোরগ নিয়ে চলেছেন, কেউ আবার একটি-দুটি গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। সবার গন্তব্য ধোবারহাট-শমসেরগঞ্জ বাজারে।
মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে এই বাজার। সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার হাট বসে। বাজারের অর্ধেক পড়েছে শ্রীমঙ্গলের মীর্জাপুর ইউনিয়নে, বাকি অর্ধেক সদরের আপার কাগাবলা ইউনিয়নে। এলাকার সবচেয়ে বড় মোকাম এটি।