National
সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীও, হাত কেটে যাওয়ায় ভেস্তে যায় পরিকল্পনা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা থেকে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাওসার আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক193K বার পড়া

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা থেকে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাওসার আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে আসামি জানিয়েছেন, ব্যাংক লুটের পরিকল্পনায় তাঁর সঙ্গে ব্যাংকের নিরাপত্তারক্ষী মাজহারুল ইসলামও ছিলেন। তাঁকে (মাজহারুল) বেঁধে ভল্টের তালা ভেঙে টাকা লুটের পরিকল্পনা ছিল। কিন্তু বাঁধতে গিয়ে অসাবধানতায় তাঁর (মাজহারুল) হাত কেটে গেলে পরিকল্পনা ভেস্তে যায়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাওসার। পরে আজ শনিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার এলাকা থেকে নিরাপত্তারক্ষী মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। প্রায় তিন বছর ধরে তিনি অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে ওই ব্যাংকে চাকরি করছিলেন।



