National
আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত ফাঁকা গাড়িতে গুলি করার ঘটনায় একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁকে গুলি করে পালিয়ে গেছেন। তবে তাঁকে এখনো শনাক্ত করা যায়নি।
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত ফাঁকা গাড়িতে গুলি করার ঘটনায় একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁকে গুলি করে পালিয়ে গেছেন। তবে তাঁকে এখনো শনাক্ত করা যায়নি।
আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। চালকও গাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
ডিসি ইবনে মিজান প্রথম আলোকে বলেন, গাড়িতে কেউ ছিল না। আসিফ আকবর তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় স্টুডিওতে ছিলেন। চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেছে। ঘটনার একটি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। তবে সেখানে হামলাকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু পা দেখা যাচ্ছে। পুলিশ বিশাল সেন্টারের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে।



