রাজধানী কারওয়ান বাজারে এক সবজি বিক্রেতার কাছে চাঁদা দাবি করছেন টিয়া রঙের কটি পরা এক ব্যক্তি। সবজি বিক্রেতাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলছেন, ‘হয় টাকা দিবি, না হয় দোকান উঠাবি।’ তখন সবজি বিক্রেতা মাত্র দোকান খুলেছেন, একটু পর টাকা দেবেন বলে অনুরোধ করেন। এর মধ্যেই কটি পরা ওই যুবক সবজি বিক্রেতার মুখে থাপ্পড় দিলেন।
এ ঘটনা দেখে হাফহাতা শার্ট পরা আরেক যুবক এগিয়ে আসেন। সবজি বিক্রেতাকে যিনি থাপ্পড় দিলেন, তাঁর কাছে জানতে চান কী কারণে থাপ্পড় দিলেন। কটি পরা যুবক বলেন, ‘আপনি কে, আপনাকে কেন বলব।’ এরপর হাফহাতা শার্ট পরা ওই যুবক কটি পরা ব্যক্তিকে পরপর ১১টি থাপ্পড় দেন। ততক্ষণে আশপাশে লোক জড়ো হয়ে যান।