National
পিকআপ নিয়ে এসে গরু চুরি, বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গরু চুরির সময় বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। পরে তারা দুটি গরু পিকআপে তুলে নিয়ে যায়। আজ শনিবার ভোরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি90K বার পড়া
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গরু চুরির সময় বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। পরে তারা দুটি গরু পিকআপে তুলে নিয়ে যায়। আজ শনিবার ভোরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সবুজ মিয়া (৪০) নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি পারিবারিক খামারে গরু পালন করছেন। চুরি হওয়া ফ্রিজিয়ান জাতের গরু দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সবুজ মিয়ার বাড়ির দেয়াল টপকে গোয়ালঘরে ঢোকে। পরে সেখানে থাকা গরু দুটি নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সবুজ বাড়ির শয়নকক্ষ থেকে বেরিয়ে গোয়ালঘরে গিয়ে তাদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। দুর্বৃত্তরা সবুজের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে।



