পুলিশ বাহিনীর জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে আছে পিকআপ ভ্যান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য জিপ, সদস্যদের যাতায়াতের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস ও মিনিবাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের বিশেষায়িত যানবাহন।
পুলিশের যানবাহনসংকট দূর করতে দুটি প্রকল্প নিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে পুলিশের অভিযান পরিচালনা–সংক্রান্ত সাধারণ যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং বিশেষায়িত যানবাহনের জন্য ২ হাজার ২৮১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ দুটি প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনা হবে।