রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িল বিশ্ব রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের আরেক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।