রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় ছটফট করছে ১১ বছর বয়সী পথশিশু আবদুল্লাহ। তার বাঁ পায়ে ব্যান্ডেজ। সেখানে ক্ষত গভীর। একটু নড়াচড়া করলেই ব্যথায় কুঁকড়ে ওঠে তার শরীর।
এই পরিস্থিতিতে মায়ের কাছে ফিরে যাওয়ার আকুলতা আবদুল্লাহর। হাসপাতালের বিছানায় শুয়ে আবদুল্লাহ এই প্রতিবেদককে বলে, ‘এখানে এমনে থাকতে আর ভাল্লাগে না। আমি মার কাছে ফিরা যাইতাম চাই। মার কাছে থাইক্কা পড়ালেখা করবার চাই। আমারে মার কাছে যাওয়ার ব্যবস্থা কইরা দেন।’
১ অক্টোবর দুপুরে সদরঘাট এলাকার রাস্তায় শুয়ে ছিল আবদুল্লাহ। সিএনজিচালিত একটি অটোরিকশা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার বাঁ পায়ের পাতা থেঁতলে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়।