নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুতের এক আবাসিক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিল আসে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। ঘরে কয়েকটি বাতি-ফ্যান আর ফ্রিজ চালিয়ে এমন বিল আসায় হতবাক হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই গ্রাহকের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের পর তাঁর বিদ্যুৎ বিলটি সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
সংশোধিত বিদ্যুৎ বিল অনুযায়ী, তাঁকে সেপ্টেম্বর মাসের জন্য এখন পরিশোধ করতে হবে মাত্র ১ হাজার ২৩৮ টাকা। গতকাল মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান ওই গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিদ্যুৎ বিলের কপি হস্তান্তর করেন। এ ঘটনায় গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।