মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ইশরাক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে এ বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
বিএনপি নেতা ইশরাক ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তিনি গত শনিবার বিকেলে তাঁর আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।