পরিবারে সচ্ছলতা আনতে গত বছরের মাঝামাঝি রাশিয়ায় যান মোহাম্মদ সাগর। একটি বেকারিতে চাকরি নেন। এরপর দালালের প্রলোভনে বেশি বেতনের আশায় যোগ দেন রুশ সেনাবাহিনীতে। গত মে মাসে তাঁকে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। এর পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এর মধ্যে গত শনিবার সাগরের বন্ধু রাজন মুঠোফোনে একটি বার্তা পাঠান। এতে শুধু লেখা ছিল, ‘সাগর আর নেই’।
এমন খবরে সাগরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু রাজনের এই বার্তা ছাড়া ২৪ বছর বয়সী সাগর সত্যিই মারা গেছেন কি না, সেটি আর কোনোভাবে নিশ্চিত হতে পারেনি পরিবার। কখন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে তথ্যও অজানা।