সুন্দরবন লাগোয়া গ্রাম। লোকালয় আর বনের মাঝে ছোট এক নদী, নাম ভোলা। সকালে সেই নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন গ্রামের এক জেলে। তবে নদীতে নামার আগেই চরে এক দৃশ্য দেখে আটকে যান তিনি। দেখতে পান চরজুড়ে বাঘের চলার পায়ের ছাপ। মুহূর্তে ছড়িয়ে পড়ে সে খবর। গ্রামে বাঘ ঢুকেছে বলে দেখা দেয় আতঙ্ক, তাৎক্ষণিক মসজিদের মাইক থেকেও সতর্ক করা হয় সবাইকে।
সোমবার সকালে এমনই ঘটনা ঘটেছে সুন্দরবন–সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলায়। ঘটনাস্থল ঘুরে দেখে বন বিভাগ বলছে, বাঘটি ভোলা নদী সাঁতরে এসে পাড় থেকে ৫০০-৬০০ মিটার ঘুরে আবার নদী সাঁতরে সুন্দরবন ফিরে গেছে। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলছেন বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।