৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁদের দাবি, তাঁদের নাম সম্পূরক গেজেটে অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে।
আজ সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গেজেটবঞ্চিতরা। এ সময় তাঁরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে পুনঃ গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা; নিয়োগে আইনগত বাধা নেই, এমন প্রার্থীদের বিষয় পুনর্বিবেচনা করে সম্পূরক গেজেট প্রকাশ; বাদ পড়ার কারণ লিখিতভাবে জানানো; আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি করা।