মহা অষ্টমীর সকাল। মন্ত্রোচ্চারণ আর ঢাকের শব্দে মুখর ঢাকার নবাবগঞ্জের বর্ধনপাড়ার বড় পালবাড়ি সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণ। দেবীর চরণে অঞ্জলি দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নারী-পুরুষেরা। কারও হাতে ফুল, কারও হাতে বেলপাতা।
প্রায় ৩১০ বছরের পুরোনো এই মন্দিরে অষ্টমীর সকালে এসেছেন স্থানীয় ভক্তরা। সঙ্গে রয়েছেন ভারতের চন্দননগর ও কোচবিহার থেকে আসা অতিথিরাও। তাঁদের অনেকের কাছে এখানে আসা কেবল পূজা দেখা নয়, ফেলে যাওয়া শিকড়ের কাছে ফেরা।