National
এখনো নিখোঁজ একজন, মরদেহের খোঁজে আবার টুপটুপ রিসোর্টে তল্লাশি
কক্সবাজারের পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে রিসোর্টটিতে আবার তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিস।
লেখক নিজস্ব প্রতিবেদক129K বার পড়া

কক্সবাজারের পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে রিসোর্টটিতে আবার তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিস।
গত শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড হয়। আজ সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার হওয়া কোনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে।
নিখোঁজ স্বজনদের খোঁজে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারে ছুটে এসেছেন অনেকে। তাঁরা হাসপাতালের মর্গ ও পুড়ে যাওয়া রিসোর্টে স্বজনদের খোঁজ করছেন। কিন্তু আগুনে মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে চেহারা দেখে কাউকে চেনার উপায় নেই। হাত, গলা কিংবা পায়ে থাকা অলংকার দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছেন স্বজনেরা। তাতেও কোনো সমাধান মিলছে না।



