চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গার হাউজিং কলোনি রোডের একটি চারতলা ভবনে ছয়টি পরিবারের বসবাস। এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানি পৌঁছায় না। তাই পানির জন্য প্রায় ১২০ ফুট গভীর নলকূপ বসিয়েছেন ভবনের মালিক মোহাম্মদ সায়েম। কিন্তু সেই পানিও পান করা যায় না। সায়েম প্রথম আলোকে বলেন, ‘নলকূপ থেকে ঘোলা ও লবণাক্ত পানি ওঠে। পান ও রান্নার জন্য জারের পানি কিনতে হয়। পানির বড় কষ্টে আছি। এলাকার সবার একই অবস্থা।’
শুধু উত্তর পতেঙ্গা নয়। উত্তর ও দক্ষিণ পতেঙ্গা, কাটগড়সহ নগরের ১০টি এলাকা ঘুরে নলকূপের পানি নিয়ে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও পানি লবণাক্ত, কোথাও ঘোলা বা লালচে। অনেক পরিবার পান ও রান্নার জন্য জারের পানি কিনছে।