শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা আর ঢাকের তালে নাচ—সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ।
গতকাল রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে সনাতন সমাজকল্যাণ সংঘের পূজামণ্ডপেও দেখা গেছে এমন চিত্র। এই বছর সপ্তমীর তিথি দুই দিনে পড়ায় গতকালও মহাসপ্তমী উদ্‌যাপিত হয়েছে। তবে অনেক মণ্ডপেই মহাসপ্তমীর পূজার আচার আগের দিন শনিবার শেষ করা হয়। খামারবাড়িতেও সপ্তমী পূজা শনিবার করা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিত অবিনাশ চক্রবর্তী।