পেশায় রাজমিস্ত্রি শাওন শেখ। ৩৫ বছর বয়সী এই যুবক তাঁর স্ত্রীর সন্তান প্রসবের জন্য পিরোজপুর সদরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন। এসে জানতে পারেন, এখানে অস্ত্রোপচারের (সিজার) ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত ১ অক্টোবর একটি বেসরকারি ক্লিনিকে তাঁর স্ত্রীর অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব হয়।
এ বিষয়ে গত বুধবার পিরোজপুর শহরের পালপাড়ায় কথা হয় শাওন শেখের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ওই মা ও শিশুকল্যাণ কেন্দ্রটিতে অস্ত্রোপচার হলে বিনা মূল্যে করাতে পারতেন। কিন্তু বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করাতে তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।