তৃতীয়বারের মতো এনইআইআর চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। তবে অবৈধ ফোন বন্ধের আগে বৈধ ফোনের দাম কমানোকে গুরুত্ব দিচ্ছে সরকার।
অবৈধ মুঠোফোন সেট বন্ধে তৃতীয়বারের মতো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর উদ্যোগ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগামী বছরের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে, বাজারে বৈধ মুঠোফোন সেটের দাম না কমিয়ে এই ব্যবস্থা পুরোপুরি চালু করতে চায় না সরকার।
এনইআইআর হলো সরকারের একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার। এর মাধ্যমে টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলো মুঠোফোনের আইএমইআই (শনাক্তকরণ নম্বর) যাচাই করে অবৈধ বা চুরি যাওয়া ফোন বন্ধ করতে পারে।