আসন্ন শারদীয় দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।