চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছররা গুলি ও ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ছাড়া মারধরে আহত হয়েছে ওই পরিবারের দুটি শিশু। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুসার বাপের টিলা এলাকার জামির আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানায়, মুখোশ পরে এসে সন্ত্রাসীরা ঘরটিতে হামলা চালায়। ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজন হলেন মো. গোলাপ (৪৫), তাঁর ছেলে মো. আসিফ (১৪) ও বড় ভাই মোহাম্মদ সৈয়দ (৫৫)। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মারধর করা হয়েছে মো. গোলাপের তিন বছর বয়সী শিশুসন্তান মোহাম্মদ এবং পাঁচ বছর বয়সী মুহাম্মদ রাকিবকেও।