বাড়ির সীমানাপ্রাচীর আর ঘরের দেয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো নানা বাণী। নির্মাণশৈলী ও সাজসজ্জায় বিদেশে কাটানো জীবনের ছাপ স্পষ্ট। এত বড় বাড়িতে একাই থাকেন বাড়ির মালিক মোহাম্মেদ ওসমান গণি সরদার (৯১)। পেশায় চিকিৎসক। তাঁকে দেখভালের জন্য আছেন দুজন গৃহকর্মী। স্ত্রী ও সন্তানেরা এখনো লন্ডনে।
ওসমান গণি দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন লন্ডনে। সেখানেই থেকে যাওয়ার সুযোগ ছিল; কিন্তু শিকড়ের টানে ২০২১ সালে সেই জীবন ছেড়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নিজ গ্রাম মনইল-কানুপুরে ফিরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। দেশে ফেরার আগেই লন্ডনে বসে গ্রামের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নকাজ শুরু করেছিলেন তিনি। এখন গ্রামে থেকে সেসব কাজ নিজেই তদারক করছেন।