কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। তবে কোন থানায় কতজন আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আছে, এমন স্থানগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।