রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনায় একটি পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উত্তরার সেন্টারটিতে অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন উত্তরার ১১ নম্বর সেক্টরের লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) ও মো. আমিনুর ইসলাম (৪২)। হাতকড়াটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।