রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। একই সময় জালে প্রায় ৮ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ ধরা পড়ে।
মাছ দুটি নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হন। তিনি ১৭ কেজি ওজনের পাঙাশটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় এবং ৮ কেজি ওজনের মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন।