কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দিতে গিয়ে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তোপের মুখে মামলা না করেই চলে যান এনসিপির নেতা-কর্মীরা। রাত ১২টার দিকে ওসির গাড়িসহ আরেকটি গাড়িতে করে কুমারখালী থানা ত্যাগ করেন তাঁরা।