জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর–সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের হিসাব ও সম্পদের বিবরণী ঘোষণার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিতে বলেছে।
গত ২৩ আগস্ট অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়। সেদিনের বৈঠকের কার্যবিবরণীতে এ সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে কার্যবিবরণীটি অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।