হৃদ্‌রোগের চিকিৎসার জন্য একসময় উত্তরাঞ্চলের বেশির ভাগ রোগীকে ঢাকায় ছুটতে হতো। সেই বাস্তবতা এখন অনেকটাই বদলেছে। বগুড়াতেই হৃদ্‌রোগের পরীক্ষা, চিকিৎসা, পেসমেকার স্থাপন থেকে শুরু করে জটিল সব অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়েছে।
হৃদ্‌রোগের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে টিএমএসএস হার্ট সেন্টার।
বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ২০ তলা ভবনে গড়ে ওঠা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের একটি বিশেষায়িত ইউনিট টিএমএসএস হার্ট সেন্টার। এই হাসপাতালে হৃদ্‌রোগের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয় ২০০৫ সালে বহির্বিভাগ চালুর মাধ্যমে। এরপর দুই দশকে তা বিস্তৃত হয়েছে ক্যাথল্যাব (হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় যেখানে), ইন্টারভেনশনাল কার্ডিওলজি (অস্ত্রোপচার ছাড়াই হৃদ্‌রোগের চিকিৎসা, যেমন হৃদ্‌যন্ত্রে রিং পরানো) ও কার্ডিয়াক সার্জারির (হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার) মতো বিশেষায়িত চিকিৎসায়। ফলে হৃদ্‌রোগ চিকিৎসার ক্ষেত্রে ঢাকামুখী চাপ কমেছে।