সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবার আদালতে জমা পড়েনি।
তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছানো হলো।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ প্রতিবেদন জমা দেয়নি। তাই আদালত নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।