বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবেই আজ দেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে রাজধানীতেও আজ সকালে বৃষ্টি হয়েছে বলে অধিদপ্তরের সূত্র জানিয়েছে। সূত্র জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি গভীর নিম্নচাপ আকারে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে। এ নিম্নচাপটির ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আপাতত দেখছেন না আবহাওয়াবিদেরা।