বাবা ফেরি করে মালামাল বিক্রি করেন। সংসারের খরচ জোগাতে বাবার সঙ্গে ফেরি করে মালামাল বিক্রির কাজ করতে হয় ইসমাইল হোসেন নিবিড়কে। তবে সারা দিন পরিশ্রম শেষে নিয়ম করে পড়তে বসে সে। পরিশ্রমের পথ ধরে এসেছে সাফল্যও। চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে সে। ভর্তি হয়েছে ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় নিবিড়। পড়তে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।
আজ সোমবার সকালে ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের এ অভিজ্ঞতা তুলে ধরে নিবিড়।