মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক মো. সোহেল (৩০) এবং যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩)। তাঁরা ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।
আহত তিনজনের দুজন বাসের যাত্রী। প্রাইভেট কারের আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাঁর নাম–পরিচয় জানা যায়নি।