আজ বৃহস্পতিবার সকালেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আবার তীব্র হয়েছে। এর মধ্যে গতকাল দুই পক্ষ তেলবাহী ট্যাংকারে হামলা ও পাল্টা হামলা করেছে। এর জেরে গতকাল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।
গত জুলাইয়ের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেল।
আজ দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪ ডলারে ওঠে। গতকাল বুধবার ব্রেন্টের দাম বাড়ে ২ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। এ কারণে তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।