দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রস্তাবিত কোম্পানি আইনে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার পুনঃক্রয় এবং একীভূতকরণ ও অধিগ্রহণসংক্রান্ত বিধান যুক্ত করার দাবি জানানো হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসমালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এ দাবি জানিয়েছে।
কোম্পানি আইনের তৃতীয় সংশোধনীর বিষয়ে অংশীজনদের মতামত নিচ্ছে সরকার। সবার মতামতের ভিত্তিতে সংশোধনী চূড়ান্ত করা হবে। তাই কোম্পানি আইন সংশোধনীর উদ্যোগে নতুন এসব বিধান যুক্ত করার দাবি জানিয়েছে ডিবিএ। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম আজ সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ বাণিজ্যসচিব আতাউর রহমান খানের কাছে লিখিত জমা দিয়েছে। একই সঙ্গে এসব সুপারিশ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হয়েছে।