Money
জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম (৮ কোটি ১৭ লাখ ডলার) মূলধন জোগান দিয়েছে সরকার, যা বাংলাদেশের ১ হাজার ৩ কোটি টাকার মতো।
লেখক নিজস্ব প্রতিবেদক47K বার পড়া

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম (৮ কোটি ১৭ লাখ ডলার) মূলধন জোগান দিয়েছে সরকার, যা বাংলাদেশের ১ হাজার ৩ কোটি টাকার মতো।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জনতা ব্যাংককে আজ বুধবারের মধ্যে ইউএইতে ৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ১০৪ মার্কিন ডলার পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় ইউএইর কেন্দ্রীয় ব্যাংক জনতা ব্যাংকের ইউএই শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকার টাকার জোগান দেওয়ায় ইউএইর আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে থাকা জনতা ব্যাংকের চারটি শাখাই সেবা প্রদান অব্যাহত রাখতে পারবে। তাদের সেবা নেয় বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী বাংলাদেশিরা। জনতা ব্যাংক ১৯৭৬ সাল থেকে ইউএইতে কার্যক্রম পরিচালনা করছে।


