সরকারি অফিসে যত কম যেতে হবে, দুর্নীতি তত কম হবে। মানুষেরও সময় নষ্ট হবে না। সেই সঙ্গে সেবার মান ভালো হবে। সে জন্য ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। আজ এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।