প্রবাসী আয়ে কয়েক মাস ধরে দুই অঙ্কের প্রবৃদ্ধি হচ্ছে। গত মাসে পণ্য রপ্তানিও ইতিবাচক ধারায় ফিরেছে। এগুলো ইতিবাচক থাকায় বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এটি আশাব্যঞ্জক বিষয়। তার কারণ বছর দুয়েক আগে রিজার্ভ আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। যদিও এখনো পূর্ণ স্বস্তি নেওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারিনি আমরা।
গত মাসে পণ্য রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি কমে গেছে। রপ্তানিতে সামনের দিনগুলো খুব একটা সুবিধাজনক না-ও হতে পারে। তার কারণ, জ্বালানিসংকট পণ্য রপ্তানিতে নতুন চাপ তৈরি করেছে। রপ্তানির সংযোগশিল্পের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এতে আগামী দিনে রপ্তানির এই ধারা ধরে রাখা যাবে কি না, তা নিয়েও শঙ্কা আছে। এদিকে তিন মাস আগেও প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল। এখন প্রবাসী আয় আসছে ৩ বিলিয়ন ডলারের কম। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সেখানকার দেশগুলোতে নতুন করে মানুষ যেতে পারছে না। এটির প্রভাব আগামী দিনগুলোতে পড়বে।